কাঞ্চনজঙ্ঘার ডায়েরি - পর্ব ১ (২রা জানুয়ারী ২০২১)
কাঞ্চনজঙ্ঘার ডায়েরি - পর্ব ১ (২রা জানুয়ারী ২০২১ - রাত ৮টা) ইংরেজী'র ২০২০ সাল অবশেষে পার হল। তবে জানা নেই দুঃসময় পেরিয়ে এলাম কিনা। মন খারাপের বছর শেষে হঠাৎ একদিন বুবলু (আমার পুত্র) বললো - বাবা, দার্জিলিং যাবে ? যেখানে রোজ বাজার যাব কিনা নিশ্চিত নই, সেখানে দার্জিলিং যাওয়াটা কতটা যুক্তিযুক্ত তা বুঝে উঠতে না উঠতেই বুবলু আবারও বলল, 'কুটুদাদা 'ধরেছে দার্জিলিং বেড়াতে যাবে'। এরা এখন বড় হয়েছে, তাই 'বায়না ধরেছে' বলা গেল না। আসলে বুবলুও গত দু'বছর ধরে দার্জিলিং বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে, নানা কারণে তা বাস্তবায়িত হয় নি। আমরা পরিবারের সকলেই আর পাঁচজনের মতো ঘর-বন্দি। তাই এই খাঁচা থেকে বেরোতে মন প্রবল উৎসাহ যোগাচ্ছে। কুটু হল আমার স্ত্রী স্বপ্নার দিদির ছেলে। তার আর বুবলুর প্রবল নেশা দেশভ্রমণে। এরাও গত ন'মাস নিজের কাজ ছেড়ে ঘরের কোনায় একটা টেবিল-চেয়ার-ল্যাপটপে আবদ্ধ। সুতরাং কারোরই 'হ্যাঁ' বলতে বেশি ভাবনা-চিন্তা করতে হল না। কুটুই সব আয়োজনের দায়িত্ব নিল। তারিখ ঠিক হল জানুয়ারী'র দুই - ঐদিন যাত্রা শুরু। প্যান্ডেমিক পরিস্থিতিকে মাথায় রেখে আপাততঃ দুই পরিবারের ছ...