শ্রীচরণেষু মা | Shreecharanesu Maa
শ্রীচরণেষু মা, আজ ১০ই মে, তোমাকে এই চিঠি লিখছি জাপান থেকে। আজ তো "Mother's Day" মা - আমার প্রণাম নিও। তোমার ওপর আমার একগুচ্ছ অভিমান জমা হয়ে আছে মা ! এতগুলো মাস কি'করে একটাও কথা না বলে থাকলে তুমি ! অথচ বাবাকে বলতে, 'খোকা কেমন পা ছোঁড়ে আজকাল, জান তো ? তুমি কিন্তু এক মুহূর্তও আমাকে ছাড় নি। আজকেও তো তাই মা ! অন্ধকার থেকে এই প্রথম আলোয় এলাম - দেখলাম, তুমি আমায় চেপে ধরেছ, তোমার চোখে জল - কেন, তা বোঝবার মাথাই তো তৈরী হয় নি। ডাক্তারজেঠু বললেন, 'এই যে ম্যাডাম, আপনার থেকে খোকার নাড়িটা আলাদা করে দিলাম। সুতোটুকু শুধু , নাড়ির টান'টা নয়। সেদিনও কিছু বুঝিনি। মনে আছে, যেদিন প্রথম কথা বলতে শিখেছিলাম, আমি তোমায় ডেকেছিলাম। তুমি একছুট্টে এসে আমায় বুকে তুলে নিয়েছিলে - সেই আমার প্রথম কাকলি। তোমার চোখে সেদিনও জল ছিল, কেন বুঝিনি ! তোমার হাত ধরে 'অ আ ক খ' আর 'চার-এর নামতা' পর্যন্ত শিখেছিলাম। ভাল স্কুলে যেদিন ভর্তি হই, শুনে ফেলেছিলাম বাবার কথা, তোমার কানে, ফিসফিসিয়ে ! 'এত নামি স্কুলে আমাদের পরিবারে এই প্রথম কেউ ভর্তি হলো - কি বিশাল বিল...