সাগরপারের ডায়েরি (পর্ব-৬) | Sagarparer Diary (Episode-6)
সাগরপারের ডায়েরি পর্ব-৬ আজকের প্রসঙ্গ : ফ্লাইটের অভিজ্ঞতা এর মধ্যে আরেক পর্ব ব্রেকফাস্ট জুটেছে। কি জানি! আমেরিকায় বুঝি সকাল হল। আমার তো একই দিনে দু'বার ব্রেকফাস্ট হয়ে গেল। হ্যাঁ ঠিকই - নিউ ইয়র্ক-এর সময় এখন ভোর ৪টে১৫মি:। প্লেন এখন ইস্তানবুলের মাথার ওপর দিয়ে উড়ে চলেছে। সে দেশের কিছু বিখ্যাত সৌধের ছবি ভেসে উঠছে সামনে লাগানো স্ক্রিনে। আমি লিখে চলেছি - বেশ নেশায় পেয়েছে। কোন ফোন নেই - মাথাটাও ফাঁকা-ফাঁকা - হাজারো চিন্তাও দেখি ছুটি নিয়েছে। আকাশপথে খানা-খন্দ নেই, এই বাঁচোয়া. একটু লেখা যাচ্ছে। এয়ার-পকেট অবশ্য আছে - তাতে পড়লে স্থিতি লয় হতে পারে। তবে এ তো নতুন কিছু নয় ! সারাদিনে সারা পৃথিবীতে কত শত লোক কত রকমের পকেটে পড়ছে, পকেটে পুরছে, সময় কি আর দাঁড়িয়ে আছে ? সুতরাং কুছ পরোয়া নেই ! মনের কথা এবার সদায়-কালোয়, আঁকি-বুঁকিতে। একটু ঘুমিয়ে পড়েছিলাম। হাতে ঘড়িটার সময় বদল করিনি, কলকাতায় সন্ধে নেমেছে। একটা পুরো দিন কেটে গেল - আকাশে আকাশে। সারাদিন ধরে নিয়মিত ব্যবধানে খাওয়া-দাওয়া আর সামনে টিভি স্ক্রিনে প্লেনের গতিপথ দেখতে দেখতে।আজকের প্লেন সম্পূর্ণ ভর্তি। ...