বড়ো বিস্ময় জাগে (পর্ব-৬) | Baro Bismay Jaage (Episode-6)
বড়ো বিস্ময় জাগে পর্ব-৬ শান্তিনিকেতন থেকে, শেষবারের মত ....... বয়স বাড়ে জীবনের, স্বাভাবিক নিয়মে - তখন জীবন-মরণের সীমানায় দাঁড়িয়ে দু'পাশের দু'প্রান্তরই মনের ক্যানভাসে ধরা পড়ে - কি ফেলে এসেছি আর কোথায় যাব - 'জুড়াইতে চাই, কোথায় জুড়াই' । এমন মুহূর্তে পৌঁছেও, যে মানুষ বোধের চূড়ায় বিরাজ করেন, তিনি সাধারণের ভাষায় হয়তো অতিমানব। জীবনের শেষ প্রান্তে এসেও কবি'র বাহ্যজ্ঞান ছিল তেমনই বিস্ময়কর। তাই জীবনের সাদা-কালোর সন্ধিক্ষণে পৌঁছেও, হাতের লেখায় কাঁপন ধরলেও, মুখে মুখে ছড়া/কবিতা বলতেন - হয়তো নিজেকেই ভোলানোর জন্যে। বয়স তখন ৭৯ - সাল ১৯৪০। কবি কি শুনতে পাচ্ছিলেন তাঁর আহ্বান ? "জীবন-মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার" ..... অনেক বন্ধুর দেখা পেয়েছেন, 'বন্ধুর' কৃত্রিম-অকৃত্রিম ভালোবাসাতেও খামতি ঘটে নি। 'বন্ধুর' পথ অতিক্রম করেছেন নিজের সর্বশক্তি দিয়ে - নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে - আসলে তা আমাদেরই বাঁচিয়ে রাখতে। কিন্তু কতদিন ? শরীর যে আর প্রশ্রয় দিতে চায় না। চিকিৎসকের বারণ সত্ত্বেও চললেন কালিম্পঙ - কবির অত্যন্ত প্রিয় জায়গা। মন চাইলেও শর...