মনে পড়ে-২ সুনন্দা পট্টনায়েক | Mone Pore-2 Sunanda Patnaik
মনে পড়ে -২ সঙ্গীতজ্ঞা বিদূষী শ্রীমতি সুনন্দা পট্টনায়েক সেদিন অফিস থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সল্ট লেক থেকে গাড়িটা নিয়ে সবে লেক টাউন ফ্লাইওভার ধরব, ফোনটা এল। তপনদা, আমায় তুমি মনে করতে পারবে কিনা জানি না। আমি অরিন্দম, আমরা গুরুভাই - একসঙ্গে কিছুদিন গান শিখেছিলাম। আমার গান শেখা মানে তো প্রতিদিন প্রতিমুহূর্তে, যে কোন রসদ থেকে। এর শুরু সেই প্রথম দিন, যেদিন মা'র গলায় গান শুনতে শুনতে গানকে ভালবেসেছিলাম। তবু গুরুভাই বলতেই তাঁদের কথাই প্রথমে মাথায় এলো, যাঁদের কাছে আমি বহুদিন গান শিখতে পেরেছি ও গানসংক্রান্ত জ্ঞান আহরণের সুযোগ পেয়েছি। অরিন্দম বলল, 'আমি রবীন্দ্রসংগীত কিছুদিন শিখেছিলাম দ্বিজেনদার কাছে'। বয়সের ফারাক বিচার না করেই পিতৃ বা মাতৃসম গুরু কত সহজে আমাদের দাদা, কাকু, জেঠু হয়ে ওঠেন এবং সেটা সম্ভব হয় তাঁদেরই আপন করে ছাত্র-ছাত্রীকে কাছে টেনে নেওয়ার প্রবৃত্তিতে। গভীর প্রাপ্তির অন্দরমহলে যেই দ্বিজেনদার ছবি ও তাঁর কাছে থাকার মুহূর্তগুলো স্পষ্ট হতে শুরু করেছে, অরিন্দম বললে, 'আমি এখন খেয়াল শিখি সুনন্দাদির কাছে'। আম...