একটু ভেবে দেখুন (৩) - দৌড় | Ektu Bhebe Dekhun Ep#3
একটু ভেবে দেখুন - ৩ আজ : দৌড় সেদিন একমনে তাকিয়ে ছিলাম জানলার বাইরে দিয়ে ........ আকাশের দিকে আকাশ বললে, 'অমন করে কি দেখছ ? আমি বললাম, 'মনে হলো বৃষ্টি আসবে, তাই দেখছিলাম তোমার আঁচলের কোন প্রান্ত থেকে জল এতো অঝোরে বৃষ্টি হয়ে নামে ! সে শুধোলে, 'দেখা গেল? আমি মাথা নাড়লাম, 'না'। কোথা থেকে একরাশ মেঘের পাহাড় ঢেকে দিল আকাশের মুখ কথা বাকি রয়ে গেল। বৃষ্টি হল অল্প খানিকক্ষণ। আমার মন ভিজল, পৃথিবীর শরীর ভিজল না। চটিটা পায়ে গলিয়ে বের হলাম রাস্তায়। একটু এগিয়ে রাস্তা দু'ভাগ হয়ে উল্টোমুখে পথ হারিয়েছে । বাঁহাতের রাস্তাটা আমার খুব পছন্দের - কালো পিচের কাঠিন্য পেরিয়ে রাঙামাটির দেশ আর সেখানে কুড়ি-বাইশ ঘরের ছোট্ট গ্রাম অনেকটা ফাঁকা জমি দেখে বসে পড়লাম। ইচ্ছে হল মাটিতে কান পাতি - 'তোমার আপনহৃদয়গহনদ্বারে'। মাটি শুধোলে, 'কি শুনছো ? বললাম, 'শুনছি না, খুঁজছি - তোমার না বলা কথা। মাটি বললে, 'সে তুমি কোনদিনও পাবে না। 'কেন ? তুমি বললেই তো জানা যায়' ! - আমার অবাক প্র...