বড়ো বিস্ময় জাগে পর্ব-৪ | Baro Bismay Jaage (Episode-4)
বড়ো বিস্ময় জাগে ........ পর্ব-৪ প্রসঙ্গ : 'তুমি রবে নীরবে' আগের পর্বে বেশ কয়েকটি আঙ্গিক থেকে গানটি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু তথ্য, কিছু বিশ্লেষণ - এই নিয়ে গানটির শৈল্পিক চিত্রকল্প বিস্ময়কর। আজকের পর্বে আমার রবীন্দ্রসংগীত-গুরুর কাছে বসে শেখার অভিজ্ঞতা এবং প্রবীণ বয়েসের আঙিনায় পা ফেলা একজন রবীন্দ্র-অনুরাগীর চোখে ধরা পড়া এই গানের অন্য রূপ বর্ণনা করবার চেষ্টা করবো। আমার সংগীতগুরু শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় একদিন এই গানটি আমাদের শেখাচ্ছিলেন। 'হৃদয়ে মম' সুরটির আন্দোলন কিভাবে হওয়া উচিত সেইটি গেয়ে দেখাতে গিয়ে বললেন, 'রবে নীরবে' আর 'হৃদয়ে মম' - দুটি ক্ষেত্রেই সুরবিন্যাস হয়েছে ১১ মাত্রায়। অথচ ২য় ক্ষেত্রে মনে হয় যেন অনেক বেশি সময় ধরে সুর প্রলম্বিত হচ্ছে। তাই এক্ষেত্রে কণ্ঠের ব্যবহার ও ওজন তফাৎ না করলে একটা monotony তৈরী হবার সম্ভাবনা রয়েছে। এইটাই তোমরা যখন গাইবে, স্বরলিপি ভালো করে পড়বে। তাহলে এই সুরের বৈচিত্র্য তোমাদের নজরে আসবে। আমাদের প্রতি রবিবারের গানের ক্লাস নির্দিষ্ট সময়ে শেষ হত এবং একে একে সকল ছাত্র-ছাত্রীরা বিদায় নিত। তখন দাদা থাকতেন শ্যা...