"বৃষ্টি ভিতর ঘরে" | কবিতা by তপন বসু | Bristi Bhitor Ghore (Poem)
কবিতা "বৃষ্টি ভিতর ঘরে" বৃষ্টি পড়ছে মনের ঘরে ভিজছে ভালবাসা, বাইরে শরীর ক্ষত-বিক্ষত দোদুল্যমান আশা। অনেক স্বপ্ন শরীরে পুড়েছে রোদ-আকাশের গায়ে, তবুও শরীর বেঁচে আছে মনের আঙ্গিনায়। সংসারগামী দ্বিপদ কাঠামো ঠিক-ভুলের দুই প্রান্তে, অনেক ইচ্ছে না-ফোটা ফুলে ঝরেছে একলা বসন্তে। মন ও শরীর যখনই পাঠিয়েছে বার্তা তাদের সংসারে মধ্যমজান বিধিনিষেধ তা' উড়িয়ে দিয়েছে নির্বিকারে। আজ বৃষ্টি অন্যরকম মন ভেজাতে চায়। শরীর-চাদর সজীব হয়েছে প্রকৃতির, স্পর্শ উষ্ণতায়। অঝোর ধারা আবার করে সবুজ করেছে মন - পিলসুজে তেল কম পড়লেও দেখি, আলোর আয়োজন। নতুন সূর্য,ভোরের আলো আবার করে লাগছে ভালো বৃষ্টি-স্নানে স্নিগ্ধ সকাল নিভিয়ে দিয়েছে অপ্রত্যাশিত কালো।...